রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
যাঁকে দেখে ‘ও মাই গড…’ বলেই অজ্ঞান মেয়েরা, সেই মানুষটিই তাঁর মেয়েকে কেউ ছুঁলে বরদাস্ত করতে পারবেন না! যিনি নিজে একজন আদ্যন্ত প্রেমিক মানুষ। অথচ মেয়ের প্রেমে বাধা হয়ে দাঁড়াবেন! একথা আকারে ইঙ্গিতে নয়, সরাসরি মুখ ফসকে বলে ফেলেছেন বলিউডের ‘কিং খান’। তখন সুহানার ১৬ বছর বয়স। সে সময় ‘কফি উইথ করণ’ টক শো’তে শাহরুখকে প্রশ্ন করেছিলেন করণ, ‘সুহানাকে কেউ চুমু খেলে কী করবে?’ প্রত্যুত্তরে শাহরুখ বলেছিলেন, ‘তাঁর ঠোঁট ফাটিয়ে দেব!’ উত্তর শুনে আলিয়া, করণ দুজনেই হেসে লুটোপুটি খেয়েছিলেন। কিন্তু, বলাই বাহুল্য, রোমান্টিক নায়কের এমন মন্তব্য শুনে তাঁর অনুরাগীরা হতভম্ব হয়ে গিয়েছিলেন। আড্ডার পর যদিও করণ বলেন, পর্দার আর ঘরের শাহরুখের মধ্যে নাকি বিস্তর ফারাক। ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুর মতো মিশলেও শাহরুখ অত্যন্ত রক্ষণশীল। সুহানা, আরিয়ান, সোশ্যাল মিডিয়ায় কখন কী করছেন, শত ব্যস্ততার মধ্যেও নজর রাখেন বাদশাহ। সে কারণেই কাজের ফাঁকে মেয়েকে দেখতে বিদেশে ছুটে যান তিনি। তবে করণ এও বলেছেন, সুহানা নাকি শাহরুখের এমন আচরণ একদম পছন্দ করেন না! হতভম্ব হলেও শাহরুখের এমন কথা শুনে আল্হাদে গদগদ হয়েছেন বহু মেয়ে। কারণ আদতেই যে আর পাঁচজন সাধারণ বাবাদের মতোই কিং খান, সেটা জানার পর বেশ মজা পেয়েছেন তাঁরা।