রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

‘এতদিন ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম’

পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বি হুজুর’ সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিকের। এরপর একই পরিচালকের ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘পোড়ামন’ ছবির মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করলেও এরপর আর জাকির হোসেন রাজুর সঙ্গে কাজ করা হয়নি সাইমন সাদিকের। প্রায় ৮ বছর আবারো রাজুর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাইমন সাদিক। নতুন এই সিনেমার নাম ‘আর্তনাদ’। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সাইমন জানালেন, আগামী জুন মাস থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

জাকির হোসেন রাজুর সঙ্গে ৮ বছর কাজ না করার কারণ জানতে চাইলে সাইমন সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘আসলে কাজ না করার পেছনে অন্য কোনো কারণ নেই। উস্তাদের সঙ্গে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না কখনোই। তবে প্রযোজনা সংস্থাগুলো আমাদের একসঙ্গে চায়নি বলে আমাদের কাজ করা হয়নি। মূল ব্যাপার হচ্ছে এতদিন ব্যাটেবলে মিলেনি তাই কাজ করা হয়ে উঠেনি।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে এতদিন কাজ না করলেও এতদিন ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সঙ্গে আবার সিনেমায় কাজ করার সুযোগ পাব! অবশেষে সেই আর্তনাদের অবসান হলো ‘আর্তনাদ’ চলচ্চিত্রের মাধ্যমে। আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম। আলহামদুলিল্লাহ! আর সেটা সম্ভব হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার জন্য। আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মো. সেলিম খান সাহেবের কাছে।’

আর্তনাদের গল্প বিষয়ে জানতে চাইলে সাইমন বলেন, পাহাড়ি বাঙালিদের সংকটের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি।

সাইমনের আরও বেশকিছু সিনেমার কাজ করছেন। সেসব সিনেমার বিষয়ে সাইমন বলেন, ‘শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমার কাজ শেষ করলাম, এটি পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে এগিয়েছে। অপর দিকে ‘গ্যাংস্টার’ ছবির কাজ চলছে। আবারও শুটিং করার জন্য কক্সবাজার যাবো। এই ছবির গল্প আবর্তিত হয়েছে ঢাকা শহরের গ্যাংস্টারদের নিয়ে।

‘গ্যাংস্টার’ ছবিতে সাইমন ছাড়াও কাজ করছেন মাহি ও শান্ত খান। এই ছবির আরেক নায়ক শান্ত খান সম্পর্কে সাইমন বলেন, ‘শান্ত নতুন এসেছে ইন্ডাস্ট্রিতে। সে প্রমিজিং আর্টিস্ট। খুব ভালো কাজ করছে। তার জন্য সব সময় শুভ কামনা থাকবে আমার।’

পরপর বেশ কয়েকটা ছবিতে সাইমনের নায়িকা মাহিয়া মাহি। এ বিষয়ে সাইমন বলেন, ‘মাহি ভালো কো আর্টিস্ট। পোড়ামনের পরে আমাদের দুজনের ক্যামিস্ট্রি ভালো। সবার কাছে আমাদের গ্রহণ যোগ্যতা আছে বলেই পরিচালক প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে কাজ করছেন।’

ওয়েবের জন্য সিনেমা নির্মাণের হিড়িক পড়েছে ইন্ডাস্ট্রিতে। এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাইমন। তিনি বলেন, ‘ওয়েব ফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক, যেগুলো ভালো কনটেন্ট সেগুলো অবশ্যই দর্শক দেখবে। সময়ের সঙ্গেই ইন্ডাস্ট্রিকে চলতে হবে। সে কারণেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম নির্মাণ করছে। দর্শকরাও ভালো কনটেন্টগুলো লুফে নিচ্ছেন। আর সিনেমা হলে দেখার বিষয়টাই ভিন্ন। এখানে ভালো ভালো কনটেন্ট যত বাড়বে তত ভালো। আর সিনেমা হলে গিয়ে তিন ঘণ্টা সিনেমা দেখার জন্য একটা প্রিপারেশনের দরকার হয়। ফলে সেটার আবেদন-চাহিদার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। এ ছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় গণমাধ্যমও কিন্তু চলচ্চিত্রই, ফলে মানুষ একটা তিন ঘণ্টা সিনেমা দেখার প্রবণতা নিয়েই হলে যায়। ফলে হলের সঙ্গে ওয়েবের পার্থক্য বা মিল নিয়ে বলছি না। মানুষ সময়ের বাইরে না, মানুষ সিনেমা হলে গিয়ে যেমন সিনেমা দেখবে তেমনি ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজও দেখবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com