রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

“মুজিববর্ষের অনুষ্ঠানে সমসাময়িক নৃত্যে মনোমি অর্থী”

মনোমি তানজানা অর্থী নৃত্যজগতে মনোমি অর্থী নামে পরিচিত। নাচের উপর পড়াশুনা করেছেন বাংলাদেশের এই নৃত্যশিল্পী। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে ২০১৮ সালে দেশে ফিরে আসেন। এরপর নৃত্য প্রশিক্ষক হিসেবেই কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলে নৃত্য শিক্ষক হিসেবে রয়েছেন। সম্প্রতি তাকে বাংলাদেশ শিশু একাডেমি তে নৃত্য প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দীর্ঘদিন যাবত শাস্ত্রীয় মনিপুরী নৃত্য চর্চা করে আসছেন এই শিল্পী। মনিপুরী নৃত্যের পাশাপাশি ক্রিয়েটিভ ডান্স, ফোক ডান্স পরিবেশন করেন বিভিন্ন অনুষ্ঠানে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিন ব্যাপি রাষ্ট্রীয় অনুষ্ঠানমালার ২য় দিনের আয়োজনে নৃত্য পরিবেশন করেন মনোমি অর্থী। এই প্রথমবার তিনি পরিবেশন করেন কন্টেমপোরারি ডান্স। “মহাকালের তর্জনী” থিম এর উপর ভিত্তি করে প্রোডাকশন “হাজার বছরের বাঙালি”। নৃত্য পরিচালনায় ছিলেন মাশরুর রহমান (ম্যাশ) এবং মাহাবুব হোসেন।
প্রথমবার কন্টেম্পোরারি নাচ পরিবেশনার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি জানান যে এই নৃত্যের পরিচালক দুজনের মধ্যে মাহাবুব তার দীর্ঘদিনের বন্ধু এবং ম্যাশের সঙ্গে এটা তার প্রথম কাজ। মাহাবুব এর তীব্র অনুপ্রেরণাতেই তিনি সাহস করেন সরাসরি মঞ্চে কন্টেম্পোরারি নাচ পরিবেশনের। পরিবেশনার পর নৃত্য পরিচালক এবং দর্শকের কাছে প্রশংসনীয় হয়েছেন। জানালেন, অনুষ্ঠানটি টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হওয়ায় দেশে বিদেশের প্রত্যেকটি মানুষ এই অসাধারণ আয়োজনটি উপভোগ করতে পেরেছেন। দেশ এবং বিদেশ থেকে ফোনে অভিনন্দন পেয়েছেন এই পারফরম্যান্স এর পর।
এই নৃত্যের রিহার্সাল হতো দুই শিফটে, যেখানে প্রথম শিফটে তারা শুধুই ওয়ার্ম আপ করতেন, নিজেদের তৈরি করতেন পারফরম্যান্স এর উপযোগী হিসাবে এবং পরের শিফটে নাচ তুলতেন। আরও জানালেন শুধু এই প্রোডাকশনে ব্যবহৃত স্টেপসের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, শিখেছেন আনুষাঙ্গিক অনেক স্টেপস। শেখার কোন শেষ নেই। তিনি নিজে একজন নৃত্য শিক্ষক হলেও নতুন কিছু শেখার ব্যাপারে তিনি সর্বদা এগিয়ে যেতে চান।
বর্তমানে তিনি অনলাইনে নৃত্যের ক্লাস নিচ্ছেন নিয়মিত। সেখানে শুধু বাংলাদেশ থেকে নয় বরং কানাডা, কলকাতা এবং কুয়েত থেকেও অংশ নিচ্ছে প্রশিক্ষণার্থীরা। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও বাড়ছে দর্শকের সংখ্যা। জানালেন ইউটিউব চ্যানেলে সামনে আসবে কিছু নতুন কাজ। এখন সেগুলোর পরিকল্পনা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com