শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

প্যারিস চুক্তি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিশ্বব্যাপী কার্বন নির্গমন বন্ধে জি-২০ দেশ গুলোর প্রধান ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

ভার্চুয়াল ক্লাইমেট সামিটে দেয়া বিবৃতিতে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

দুই দিনের ‘পররাষ্ট্র নীতি ভার্চুয়াল ক্লাইমেট সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত তার ধারণকৃত বিবৃতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নয়। যদি একটি দেশ থেকে নির্গত হয়, তাতেও প্রতিটি দেশ প্রভাবিত হয়। সুতরাং প্রতিটি দেশকে তার (যথাযথ) ভূমিকা পালন করতে হবে। তবে ধনী দেশগুলো, বিশেষ করে জি-২০ দেশগুলোকে বিশ্বব্যাপী (কার্বন) নির্গমন বন্ধে প্রধান ভূমিকা পালন করতে হবে।

শেখ হাসিনা অভিমত ব্যক্ত করেন, প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই বিশ্বব্যাপী কার্বন নির্গমন এবং এর ফলে বিশ্ব উষ্ণায়ন রোধের একমাত্র উপায়।

তিনি বলেন, গ্রহটিকে বাঁচাতে পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয়, আজ।

তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের এবং গত সপ্তাহে জলবায়ুবিষয়ক নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানেরও প্রশংসা করি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্যারিস চুক্তিতে আন্তর্জাতিক সম্প্রদায় অভিযোজন এবং প্রশমনের উদ্দেশ্যে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের অঙ্গীকার করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com