শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সোহরাওর্য়াদী উদ্যানে ৫০টি গাছ কাটা হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, আরও ৫০টি গাছ কাটার পরিকল্পনা আছে। তবে এখন গাছ কাটা বন্ধ আছে। আগামীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে, যতটা সম্ভব কম গাছ কেটে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঐতিহাসিক সোহরাওর্য়াদী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় একটি প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা হয়ে থাকেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশবিদ, উদ্যানবিদ, নগরবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে ঈদের পর সভা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের পরামর্শে প্রকল্প বাস্তবায়নে যদি নকশা পরিবর্তনের প্রয়োজন হয় তাও করা হবে।
আপাতত সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ কাটা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা সেখানে আবার পরিদর্শন করবো, কোনো দুষ্প্রাপ্য গাছ যদি কাটার তালিকায় থেকে থাকে তা যদি না কাটলে চলে সেই ব্যবস্থা নেওয়া হবে।
‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিক মানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানকে আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনার অংশ হিসেবে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ চলছে।
সেখানে পাকিস্তানি শাসনবিরোধী ২৩ বছরের মুক্তিসংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ভাস্কর্য স্থাপন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য স্থাপন, ইন্দিরা মঞ্চ নির্মাণ, ওয়াটার বডি ও ফাউন্টেইন নির্মাণ, ভূগর্ভস্থ ৫০০ গাড়ির কার পার্কিং ও শিশুপার্ক নির্মাণসহ বিভিন্ন নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।