শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছে : ওবায়দুল কাদের

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিন উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছেন, কারাই বা উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনো পায়নি মির্জা ফখরুল সাহেব।’
‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন’ বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই দন্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্ত ভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ।
ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভুয়া জন্মদিন পালন করে তা কোন ধরনের মানবিকতা? জাতি আজ সেটা জানতে চায়?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com