শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ‘ঝড় ঝাপ্টা’ পেরিয়ে বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার ছিল আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এবং সেটা আওয়ামী লীগ করতে পেরেছে। বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ বাংলাদেশ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন বাংলাদেশের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না।
জাতির জনল্কের হত্যাকাণ্ডের পর প্রায় পৌনে ছয় বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার দিনটি স্মরণ করে সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। দেশের ভেতরের ও বাইরের অনেক ঝড়ঝাপ্টা পার হয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এটাই সব থেকে বড় কথা।’
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যে উল্টোযাত্রা শুরু হয়েছিল সেসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যেদিন হত্যা করা হয়, সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।
বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। তার আগেই ১৯৮১ সালে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।
শেখ হাসিনা ভারতের নয়া দিল্লি থেকে দেশে ফিরলে প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে সেদিন তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরে লাখো জনতা তাঁকে স্বাগত জানায়।
সেদিনের কথা স্মরণ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।