সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার (২৮ মে) মসজিদ উদ্বোধনের সময় সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিতি ছিল বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকেই দেশটিতে নানা বিতর্ক চলছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এরদোয়ানের এ উদ্যোগের মধ্য দিয়ে তুরস্ক তার ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে সরে আসছে, এমন অভিযোগ ছিল প্রতিবাদকারীদের।
শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নামাজ পড়ার জন্য একটি কক্ষ পর্যন্ত ছিলো না এবং ধর্ম বিশ্বাসীরা খোলা জায়গায় পত্রিকা বিছিয়ে নামাজ পড়তেন।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্য তিনি বলেন, কোনো কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না।
প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারাকে বিজয় হিসাবে দেখছেন তুর্কী প্রেসিডেন্ট।
এর আগে তাকসিম স্কয়ারের গাজি পার্কে ২০১৩ সালে যখন এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তখন এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিল দেশটিতে। বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের একাধিক দেশে নানা কর্মসূচিও পালিত হয়েছিল।
এদিকে মসজিদে নামাজ পড়তে আসা অনেকেই এ মসজিদের প্রশংসা করেছেন। যেটি আসলে নির্মিত হয়েছে অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে। এখানে এক সাথে প্রায় চার হাজার মানুষ নামাজ পড়তে পারবে।
এছাড়া তুরস্কের অন্যতম পর্যটন আকর্ষণ আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তর করেন এরদোয়ান। ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের সময়ে আয়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল। ১৪৫৩ সালে অটোমানরা কনস্টান্টিনোপল জয়ের পর দ্বিতীয় সুলতান মেহমেদ ক্যাথিড্রালটিকে মসজিদে রূপান্তর করেন। পরে আধুনিক তুরস্কের স্থপতি মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে পরিণত করেন ১৯৫৩ সালে। এরপর থেকে অসাম্প্রদায়িক তুরস্কের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো আয়া সোফিয়াকে৷