শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে এরই মধ্যে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়া এখনও শঙ্কামুক্ত নন। কোভিড পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি। আরও কিছু দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে।
খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। উনার পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাই তাঁকে এখনি বিপদমুক্ত বলা যাচ্ছে না। ফলে, আমরা তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেব।’
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখনও তরল জাতীয় খাবার খাচ্ছেন। ম্যাডাম এমনিতে কম খাবার খান। হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইরে থেকে, অর্থাৎ তাঁর আত্মীয়-স্বজনেরাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার নিয়ে আসেন।