মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
বিশ্ববাজারে দুই বছরের শীর্ষে উঠে এসেছিল জ্বালানি তেলের দাম। তিন দিনের ব্যবধানে গতকাল হঠাৎ কমেছে জ্বালানি পণ্যটির দাম। জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু সংলাপের ফলাফল নিয়ে আশাবাদী। ১০ জুন এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের আগস্টে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা দশমিক ৫ শতাংশ কমে ৭১ ডলার ৫১ সেন্টে নেমে গেছে। এর আগে শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ ডলার ২৭ সেন্টে উঠেছিল, যা দুই বছরের সর্বোচ্চ।
এছাড়া যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৭০ ডলারে উঠেছিল। তবে গতকাল এটির দাম ব্যারেলপ্রতি ৩০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৬৯ ডলার ৩২ সেন্টে নেমে আসে।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপস ফিউচারসের ঊর্ধ্বতন পণ্যবাজার ব্যবস্থাপক আভতার সান্দু বলেন, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে ওঠার পর বিনিয়োগকারীরা মুনাফা বাড়ানোর আশায় বেশকিছু চুক্তি বিক্রি করতে সক্ষম হয়েছিলেন। মূলত আন্তর্জাতিক বাজারে ইরানি জ্বালানি তেল সরবরাহ চালু হওয়ার সম্ভাবনায় দাম কমেছে।