শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

উপ-নির্বাচনে তিন আসনের আ.লীগের প্রার্থী ঘোষণা

তিন আসনের উপ-নির্বাচন আগামী ২৮ জুলাই। এই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. মো. আব্দুর রাজ্জাক ও কর্নেল (অব.) ফারুক খান।

উল্লেখ্য, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com