মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ার দোভাষীপাড়া খালের উপর নির্মিত আরসিসি গার্ডার সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে।
রোববার (২৭ জুন) সকালে সেতুর মাঝ বরাবর ভেঙে খালে পড়ে যায়। এতে কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া ও লতাচাপলী ইউনিয়নের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
২০ মিটার দৈর্ঘ্য ও নয় দশমিক সাত মিটার প্রস্থের গার্ডার সেতুটি (এআরসিএইচ সিস্টেম) নির্মাণ ব্যয় ধরা হয়েছিলো দুই কোটি ২৬ লাখ ১৫ হাজার টাকা। সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও প্রয়োজনীয় তদারকির অভাবে সেতুর কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ছে বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন।
তবে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ বলছে, তদন্তের আগে সুনির্দিষ্ট করে কোনও কারণ বলার সুযোগ নেই।
পর্যটন কেন্দ্র কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের দোভাষীপাড়া খালের উপর দীর্ঘ বছর ধরে ছিলো একটি আয়রণ সেতু। ওই সেতুতে চরম ঝুঁকি নিয়ে পার হতেন কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা। প্রায়ই ভাঙা আয়রণ সেতু থেকে পড়ে দুর্ঘটনার শিকার হতেন অনেকেই।
এলাকাবাসীর দীর্ঘ বছরের দাবির প্রেক্ষিতে ২০১৯-২০ অর্থ বছরে কুয়াকাটা উন্নয়ন প্রকল্পের আওতায় এ গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সৈয়দ মো. সোহেল ও দ্বীপ এন্টারপ্রাইজ এ সেতুটি নির্মাণ করছিলো। যা শেষ হওয়ার কথা ছিলো এ বছরের জুন মাসে। কিন্তু সেতুর কাজ শেষ হওয়ার আগেই তা ধ্বসে পড়লো।