শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক দিলেন প্রধানমন্ত্রী

কৃষিতে বিশেষ অবদান রাখায় এ বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন ৩২ জন। এ উপলক্ষ্যে রোববার (২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য ভিক্ষা করে দেশ চালানোর নীতি নিয়েছিলো বিএনপি-জামাত জোট সরকার। আওয়ামী লীগ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের নীতি নিয়েছে। তাই খাদ্য ভিক্ষার পরিবর্তে অনেক ক্ষেত্রে শীর্ষস্থানও অর্জন করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষি ও কৃষক সমৃদ্ধ দেশ গঠনের প্রধান শক্তি। সরকারের নানা নীতি ও কৃষিবান্ধব কৌশলের কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মানুষের জন্য পুষ্টিও নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশের মাটি উর্বর। গবেষণা করে বহু অকৃষি জমিতেও নতুন ফসল ফলানো শুরু হয়েছে। আগামীতে কৃষিজাত শিল্প গড়তে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা অর্থনীতির জন্য বড় ধরণের ধাক্কা। তবে তা মোকাবেলায় ৫ কোটি মানুষকে সরকার সহায়তা দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে বরাবরের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com