মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
আফগানিস্তান যুদ্ধে পরোক্ষভাবে তার দেশের পরাজয় স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এসময় তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মূল সময়সীমা ছিল ১১ সেপ্টেম্বর।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার অর্থ হবে আরো বেশি প্রাণহানি। বাইডেন স্পষ্ট করে বলেন, “এতদিন যা কিছু হয়েছে তা থেকে ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ পাওয়া না গেলে আমি আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠাব না।”
বাইডেন ‘ভিন্ন কোনো ফলাফল’ পরিভাষা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে একথার স্বীকারোক্তি দিয়েছেন যে, আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন সেনা উপস্থিতির ফলাফল শূন্য। মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধের মতো আফগান যুদ্ধেও পরাজিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, এরইমধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ৯০% সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
গত সপ্তাহে আফগান কর্তৃপক্ষকে কোনো রকম তথ্য না দিয়ে মধ্যরাতে আফগানিস্তানের প্রধান সামরিক ঘাঁটি বাগরাম থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা।