শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মাদক ও বন্যপ্রাণী আইনে মামলা করবে তারা। এছাড়া বিদেশি মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হবে আরও একটি মামলা।
বিকেলে গুলশান থানায় মামলার পর হেলেনা জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। পরে পুলিশ সংশ্লিষ্ট মামলায় হেলেনাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির ও রিমান্ড আবেদন করবে।
এ বিষয়ে বিকেল ৪ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব। এদিকে, হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন ইন্টারনেট ভিত্তিক জয়যাত্রা টেলিভিশনের লাইসেন্স না থাকায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিটিআরসির সঙ্গে সমন্বয় করে পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।
সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান শুরু করে র্যাব।
পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে জানান, তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।