শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় এখন আবোল-তাবোল বলছেন।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, তাহলে তারা কোন চেতনা ধারণ করে, সেটিই এখন প্রশ্ন।
তথ্যমন্ত্রী আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪শ’ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের এ ধরনের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন।