বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা হালকা করে দেখার সুযোগ নেই: সেতুমন্ত্রী

‘পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনাকে হালকা করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। প্রতিবেদন পেলে আসল বিষয়টা জানা যাবে।’

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সামনে  এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ঘটনা হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রকৌশলী টিম পদ্মা সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবুও এ বিষয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। প্রতিবেদন পেলে আসল বিষয়টা জানা যাবে।’

এর আগে, আজ সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম  বলেন, ‘সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গেছে।’

মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে এ পর্যন্ত চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত লাগে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com