বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সিলেট-৩ উপনির্বাচনে আ. লীগ প্রার্থী হাবিবের বড় জয়

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

মোট ১৪৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফল অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের চেয়ে তিনি প্রায় ৬৫ হাজার ভোট বেশি পেয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ভোটের এই হিসাবের কথা জানালেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো পূর্ণাঙ্গ ফল ঘোষণা হয়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ১৪ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এতে নৌকা প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ১৭ ভোট। আর লাঙল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ১ হাজার ৫৪২ ভোট।

আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ফারুক আহমদ দেশ রূপান্তরকে জানান, কেন্দ্রভিত্তিক দলীয় এজেন্টের মাধ্যমে তাদের কাছে পূর্ণাঙ্গ ফলাফল এসেছে। এই হিসাব অনুযায়ী মোট ১৪৯ কেন্দ্রে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। অর্থাৎ ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি দলীয় সাবেক সাংসদ (বর্তমানে বহিষ্কৃত) শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।

গত ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর করোনা মহামারীর কারণে ২ দফা তারিখ পিছিয়ে অবশেষে শনিবার ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও কোথায়ও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি।

তিনটি উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনে মোট ভোটার মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com