বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি আড়াল করতে প্রধানমন্ত্রীর বক্তব্য: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সারা দেশে আশ্রয়ণ প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেখান থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি আড়াল করলেন।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙে ফেলার বিষয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙা হয়েছে।’

এর জবাবে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের জন্য প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন, এটাকে ইট দিয়ে, হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পেছনে যে লাখ-কোটি টাকার দুর্নীতি হয়েছে এটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না। তিনি হাতুড়ি-শাবল উল্লেখ করছেন অর্থাৎ তিনি দুর্নীতির পক্ষে। যারাই আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।’

গত বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র। বিএনপির এ সব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়।’

কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন না সত্যজিৎ রায়ের চলচিত্র গুপী গাইন বাঘা বাইন? বাংলাদেশের রাজনীতিতে একজন গুপী গাইন আছেন, শুধু মিথ্যার গান গেয়ে যান। তিনি হচ্ছেন ওবায়দুল কাদের। হঠাৎ করে এমন এমন কথা বলবেন যে, মনে হবে যে উনি বোধহয় বাংলাদেশের একেবারে বিবেক, নিষ্পেষিত একজন প্রতিনিধি। অথচ তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন সেটা তিনি বুঝতে পারেন না।’

‘বিএনপি আন্দোলনের কথা বলে, আন্দোলন বিলাসে ভুগছে’— ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আপনাদের কী মনে আছে, আপনারা গাড়ি-বাড়ি পুড়িয়ে যে আন্দোলন করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, তাকে আপনারা সংবিধান থেকে মুছে দিয়েছেন। সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য ২০১৩, ১৪, ১৫ সালে যে আন্দোলন করেছে বিএনপি, সেই আন্দোলনের প্রতি আপনারা নিষ্ঠুর ব্যবহার করেছেন। এ দেশে নতুন একটি শব্দ আপনারা প্রতিষ্ঠিত করেছেন সেটি গুম।’

বিএনপির এই নেতা বলেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরু, হ‌ুমায়ূন পারভেজের মতো নেতাদের নিখোঁজ হয়ে আর ফিরে আসেননি। জনগণের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা ব্যবহার করেছেন গুম, বিচারবহির্ভূত হত্যা। এই গুম-খুনের রক্তাক্ত পথকে আপনারা উপহাস করছেন, আন্দোলনের বিলাস বলছেন।’

সাম্প্রতিক সময়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে রিজভী বলেন, ‘সরকার বিএনপিকে ভয় পায় বলেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে আইন-শৃঙ্খলা বাহিনী।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাইদ হাসান মিন্টু, মুনীরুজ্জামান মুনির, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির যুগ্ম মহাসচিব এম এ বাশার, কল্যাণ পার্টির সহসভাপতি শাহিদুর রহমান তামান্না, নাগরিক অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com