শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের তিন ছবি

৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসব। এতে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকীর পাশাপাশি বুসানে প্রদর্শিত হবে তরুণ ‍নির্মাতা রাব্বি মৃধা ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর বসছে ৬ থেকে ১৫ই অক্টোবর। এবারই প্রথম বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে এই উৎসবে। বুসানে এবারের আসরে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’।

বর্ণ, জাতীয়তা ও ধর্মীয় পরিচয়ের মতো বিষয় ছাড়াও সামাজিক বৈষম্যের নানা দিক তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীর পাশাপাশি এতে অভিনয় করেছেন সংগীত শিল্পী তাহসান খান। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।

এছাড়া উৎসবের ‘অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নেই’ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে পরিবার, কর্ম ও নৈতিকতার নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে চলা এক ব্যক্তির জীবনের নানা দিক ফুটে উঠেছে ‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রে।

১৯৯৬ সালে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবটিতে প্রাধান্য পায় এশিয়ার বিভিন্ন দেশের পরিচালক ও চলচ্চিত্র।   প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরের হেউন্দে সমুদ্র সৈকদের কাছে বসে উৎসবটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com