সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সরকারের কোনো না কোনো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ব্যবসা করেছে ইভ্যালি। তাই তাদের জালিয়াতির দায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, অনলাইনে প্রতারণা ঠেকাতে সরকারের পাশাপাশি সতর্ক হতে হবে জনগণকেও।
বুধবার রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রীরা।
ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছে কয়েক লাখ মানুষ। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছে। কিন্তু ক্রেতারা তাদের টাকা ফেরত পাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়া, এসব প্রতারণার দায় কার তা নিয়েও চলছে পাল্টাপাল্টি প্রশ্ন।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ছাড়পত্র নিয়েই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে। সেই সুযোগে গ্রাহকদের সাথে প্রতারণাও করছে। এর দায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিতে হবে।
এদিকে, সোর্সিং বাংলাদেশ ২০২১-ভার্চুয়াল সংস্করণ অনলাইন মেলা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ই-কমার্স খাতে প্রতারণা ঠেকাতে কেবল সরকার নয়, গ্রাহককেও সচেতন হতে হবে। এছাড়া, গ্রাহকের ক্ষতিপূরণের বিষয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে।
এছাড়া যুবক, ডেসটিনিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়ন করে ক্ষতিগ্রস্তদের জন্য করণীয় ঠিক করতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।