সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
করোনা মহামারীর কারণে দীর্ঘ সতেরো মাস বন্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে আগামীকাল। তবে শুধু চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই দুই শিক্ষাবর্ষের যারা কমপক্ষে এক ডোজ করোনা টিকা নিয়েছেন, তারাই হলে প্রবেশ করতে পারবে। হলে প্রবেশের জন্য টিকা নেয়ার সনদ এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে আসতে হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার খুলে দেয়া হয়। তবে, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস কবে থেকে নেয়া হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বৈঠকে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। উপ উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের জানান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।
করোনাভাইরাসের কারণে গতবছরের ১৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি সব বিশ্ববিদ্যালয়।