মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ছোট ভাইয়ের সাবেক স্ত্রীর নারী নির্যাতন মামলা, ভাসুর গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাদশা মার্কেট এলাকায় ছোট ভাইয়ের সাবেক স্ত্রীকে (তালাকপ্রাপ্তা) নির্যাতনের অভিযোগে ছগির আহমদ (৪৫) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

তিন সন্তানের জননী ছোট ভাইয়ের সাবেক স্ত্রী আয়েশা আক্তার ববি (৩২) সাবেক ভাসুরের বিরুদ্ধে গত ১ অক্টোবর ধর্ষণচেষ্টার অভিযোগে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ছগিরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৫ অক্টোবর) তাকে চট্টগ্রাম আদালতে চালান করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছগির গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছান তালুকদার বাড়ির নুর হোসেনের বড় ছেলে। ছগির ইতিপূর্বে মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসেবে কাজ করলেও বর্তমানে দেশে রয়েছেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের সোলেমান হাজীর ঘাটা এলাকার মৃত শেখ ফজলুল হকের মেয়ে আয়েশা আক্তার ববির সঙ্গে গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছান তালুকদার বাড়ির নুর হোসেনের ছেলে পল্লী চিকিৎসক মো. সৈয়দের প্রায় ১৭ বছর পূর্বে বিয়ে হয়। সংসারে তাদের দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে।

মামলায় ববির অভিযোগে প্রকাশ বিভিন্ন সময়ে চরিত্রহীন ভাসুর ছগির তাকে কুপ্রস্তাব দিত। কিন্তু ববি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে স্বামীর সংসার থেকে বিতারণ করা হবে বলে বিভিন্ন সময়ে হুমকি দেয়। এক পর্যায়ে ছগিরের প্ররোচণায় গত প্রায় ৫ মাস আগে ববিকে তালাক দেয় তার স্বামী পল্লী চিকিৎসক সৈয়দ।

তালাকপ্রাপ্তা ববি স্থানীয় নজুমিয়া হাট এলাকার জসিম ভিলা নামের একটি ভবনে দুই মেয়েকে নিয়ে বসবাস করতে থাকেন। এদিকে ছগির ওই বাসায় গিয়ে ববিকে বিভিন্ন প্রলোভন দিয়ে কুপ্রস্তাব দেয়। কিন্তু ববি রাজি না হওয়ায় ছগির বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়।

সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ববির ভাড়া বাসায় গিয়ে ববিকে তার সন্তানসহ সবার দায়িত্ব নেবে বলে প্রলোভন দেখায় ছগির। এসময় ববির দুই মেয়ে নানা বাড়িতে ছিল। ছগিরের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক ববিকে বিছানায় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এসময় ববি চিৎকার দিলে ছগির পালিয়ে যায়। এ ঘটনার পর গত ১ অক্টোবর হাটহাজারী মডেল থানায় ববি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছগিরের বিরুদ্ধে মামলা করেন।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহরাওয়ার্দী মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদককে বলেন, ছোট ভাইয়ের সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ছগিরকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে চট্টগ্রাম আদালতে চালান দে‌ওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com