শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
দেশে করোনাভাইরাসে একদিনে আরো ৭ জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১০ মার্চ ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৬৫৪ জন।
গতকালও ১২ জনের মৃত্যু হয়েছিল, যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর।
তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষা করে দেশে আরো ৬৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে।
নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৯৭ শতাংশ। সরকারি হিসাবে এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৮১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক শনাক্তের হার গত ২১ সেপ্টেম্বর ৫ শতাংশের নিচে নামে। জুলাই মাসে তা ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।