বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ক্লিন ফিড নিয়ে ফিরল জি বাংলা

প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকার পর দেশের দর্শকরা দেখতে পাচ্ছেন ভারতীয় ‘জি বাংলা’ চ্যানেলটি। বর্তমানে চ্যানেলটি বিজ্ঞাপন ছাড়াই (ক্লিন ফিড) সম্প্রচারে ফিরেছে। অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনের জায়গায় ওই সময়টিতে চ্যানেলের অন্য অনুষ্ঠানের ‘প্রোমো’দেখানো হচ্ছে।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার রাত থেকে জি বাংলা দেখতে পাচ্ছেন কেব্‌ল অপারেটরের গ্রাহক ও ডিটিএইচের দর্শকেরা। কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, জি বাংলা কর্তৃপক্ষ নিজেরাই ক্লিন ফিড চ্যানেল দিচ্ছে।

সেটি পরিবেশকেরা প্রচার করছে। তিনি বলেন, পরীক্ষামূলক একটি চ্যানেলের মাধ্যমে ফিড ‘ক্লিন’ এনে প্রচার করা হচ্ছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্য চ্যানেলগুলো সম্প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেন কেব্‌ল অপারেটরদের এই নেতা।

অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসসহ ৬০টির মত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯ (১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না।

বাংলাদেশে জি নেটওয়ার্কের সব চ্যানেলের পরিবেশক মিডিয়া কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা এই বিষয়ে এখন কথা বলতে রাজি হননি।

ঢাকা ও বাইরের জেলাগুলো থেকে দর্শকেরা এখন জি বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন। ঢাকার মিরপুর, উত্তরা, লালবাগ, রামপুরা, লালমাটিয়ার দর্শকেরা জি বাংলা দেখতে পারছেন বলে কথা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com