বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
বিচ্ছেদ মামলায় নুসরাতের পরাজয়
হেরে গেলেন টলি অভিনেত্রী নুসরাত জাহান। দীর্ঘ টানাপড়েনের পর আদালতে শেষ হাসিটা হাসলেন তার সাবেক স্বামী নিখিল জৈন। তিনি নুসরাতের সঙ্গে অ্যানালমেন্টের (রদ) মাধ্যমে সম্পর্কে ইতি টানতে চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ফলে নুসরাত না চাইলেও তাদের বিয়ের স্বীকৃতি দিয়ে, আবার বিচ্ছেদ ঘটাল আদালত। তুরস্কে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। একসঙ্গে কয়েক মাস থাকার পরই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। বিচ্ছেদের কিছুদিন পরই একটি বিবৃতিতে নুসরাত জানিয়েছিলেন, ভারতে তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি, তুরস্কের বিয়ে এখানে গ্রাহ্য নয়, অতএব এই বিয়ে এখানে বৈধ নয়। তাই নিখিলের সঙ্গে বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু আইনি প্রক্রিয়ায় বিয়ের নিবন্ধন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হতো তাদের। এই নিয়ম অনুযায়ী নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে, নিখিলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না তার। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। দু’বছরের মাথায় তিনি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, লিভ টুগেদার করেছেন। এর আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নুসরাত। তিনি এখন সেই সন্তানের বাবা চিত্রনায়ক যশ দাশগুপ্তের সঙ্গে আছেন।
র্যাপার ডলফকে গুলি করে হত্যা
অসুস্থ খালাকে দেখতে যাওয়ার পথে হোমমেড বাটার কুকিজের দোকানে থেমেছিলেন আমেরিকান র্যাপার ইয়ং ডলফ। সেখানে এই গায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে গত ১৭ নভেম্বর এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান চেরেলিন ডেভিস বলেন, ‘যুক্তরাষ্ট্র স্থানীয় ও দেশব্যাপী যে বিবেকহীন বন্দুক সহিংসতার মুখোমুখি হচ্ছে তার আরেকটি উদাহরণ এটি।’ ডলফের হত্যাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। ইয়ং ডলফের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিক রস, মেগান থি স্টালিয়ন ও চ্যান্স দ্য র্যাপারসহ অনেক তারকা। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইয়ং ডলফের গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। একই বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে গুলিতে আহত হয়েছিলেন তিনি। ২০১৬ সালে ডলফের প্রথম অ্যালবাম ‘কিং অব মেমফিস’ রিলিজ হয়। তার একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘ব্লু ডায়মন্ডস’ ও ‘আরএনবি’ উল্লেখযোগ্য। সর্বশেষ ২০২০ সালের অ্যালবাম ‘রিচ সেøভ’ বিলবোর্ড চার্টে পঞ্চম স্থান দখল করে নেয়।
প্রীতির যমজ সন্তান জিয়া আর জয়
বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী প্রীতি জিনতা যমজ সন্তানের মা হয়েছেন। এই অভিনেত্রী সারোগেসি (গর্ভ ভাড়া) পদ্ধতিতে মা হয়েছেন। গুডএনাফ-প্রীতি দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক মেয়ে ও এক ছেলে। গতকাল ইনস্টাগ্রামে এই সুখবর ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। সন্তানদের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। উচ্ছ্বাস প্রকাশ করে প্রীতি জিনতা লিখেছেন, ‘আমি সবার সঙ্গে একটা অসাধারণ খবর ভাগ করে নিতে চাই। পরিবারে আমাদের যমজ সন্তান জয় ও জিয়াকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত খুশি। আমাদের জীবনের এই নতুন পর্ব নিয়ে আমরা আনন্দিত। চিকিৎসক, নার্স, আমাদের সরোগেট সবাইকে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারপরই দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি। বিয়ের পর দু-একটা বলিউড ছবিতে দেখা গেলেও সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন প্রীতি জিনতা। এর আগে শাহরুখ খান, করণ জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। ২০০৯ সালে এক অনাথ আশ্রম থেকে ৩৪ জন কন্যাসন্তান দত্তক নেন প্রীতি। এখনো তাদের সব খরচ বহন করেন প্রীতি।