বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্বাধীনতা। তাঁকে ছাড়া বাংলার স্বাধীনতা আসতো না।
তিনি বলেন, এ মহান নেতার জন্ম না হলে বাঙালি আজো পশ্চিমাদের গোলাম হয়ে থাকতে হতো। তিনিই জাতিকে ঐক্যবদ্ধ করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন।
আজ জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব সাধারণ বিধি ১৪৭ এর আওতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনার এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি তাঁর প্রস্তাবের ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন। এর আগে আজ সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন।
আলোচনায় শেখ ফজলুল করিম সেলিম বলেন, ১৯৭৫ সালে কিছু কুলাঙ্গার এ অবিসংবাদিত নেতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশ তথা বাঙালি জাতিকে বিশ্বের কাছে কলংকিত করেছে। অথচ বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। ঘাতকরা তা হতে দেয়নি।
তিনি আলোচনায় বঙ্গবন্ধুর ছেলে বেলা, ছাত্রজীবন, আন্দোলন সংগ্রামের জীবন তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিকে শুধু স্বাধীনতা উপহার দিয়ে ক্ষ্যান্ত থাকেননি, এ মহান রাষ্ট্রনায়ক যুদ্ধ বিধ্বস্ত দেশকে ধাপে ধাপে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করা কাজ শুরু করেছিলেন। দেশকে এগিয়ে নিয়েও যাচ্ছিলেন। কিন্তু ঘাতকরা তা হতে দেয়নি। তবে বঙ্গবন্ধু বাঙালির হ্নদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তাঁর আদর্শের ভিত্তিতে আজ দেশ পরিচালিত হচ্ছে। আর দেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে চলেছে।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, সরকারি দলের উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মাহবুব-উল-আলম হানিফ, বেনজির আহমেদ, মীর মোশতাক আহমেদ রবি, র, আ, ম ওবায়দুল মোকাতাদির চৌধুরী, মুহাম্মদ শফিকুর রহমান, সিমিন হোসেন (রিমি), তাহজিব আলম সিদ্দিকী, সাইমুম সরোয়ার কমল, মো. ইকবাল হোসেন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, শামীম হায়দার পাটোয়ারী, গণফোরামের সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদ, স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।