রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
জেলার বিরামপুর উপজেলায় মাদক সেবনের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৬ মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। দন্ডিতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সুমন কুমার মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সরকারি কলেজের প্রাচীর সংলগ্ন ডাব বাগানের মধ্যে কয়েকজন যুবক গাঁজা ও ইয়াবা সেবন করছিল। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের উপকরণসহ ৪ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ৪ যুবক হলো- বিরামপুর উপজেলার ইসলামপাড়া গ্রামের তাজেল উদ্দীনের পুত্র তাজু মিয়া (৩৫), একই মহল্লার আব্দুর রশিদের পুত্র রুবেল (২৫) এবং একই উপজেলার চরকই গ্রামের মাজেদ আলীর পুত্র মিলন (৩২) ও সাহেদ আলীর পুত্র সদিবর রহমান (৩০)।
গ্রেফতারকৃত ৪ যুবককে দুপুর দেড় টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত ৪ জনের প্রত্যেককে মাদক সেবনের অভিযোগ ৬ মাস করে কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিত ৪ জনকে বিকেল ৫টায় দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।