বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুরসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। দেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
আজ বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মেহের আফরোজ চুমকী এমপি, শামসুন নাহার ভ্ইুয়া এমপি, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন , গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ।
আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী একটি বিশাল রাজনৈতিক দল।দেশ-বিদেশে বিপুল সংখ্যক আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করতে পারবে না।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেচ আজমত উল্লাহ খান জানান, গাজীপুরের বিতর্কিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিস্কার করায় সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।