সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
দেশের প্রথম ইসলামি শরিয়াভিত্তিক বন্ড বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার গ্রিণ সুকুক বন্ডের শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে এ বন্ডের লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
এ বন্ডের তালিকাভুক্তি উপলক্ষে আগামীকাল লেনদেন শুরুর আগে ডিএসইর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি থাকবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।
নতুন তালিকাভুক্ত এ বন্ডের লেনদেন হবে মূল মার্কেটে। পাঁচ বছর মেয়াদি ৩ হাজার কোটি টাকার এ বন্ডের অভিহিত মূল্য ১০০ টাকা। এ দামেই এটির লেনদেন শুরু হবে। গ্রিণ সুকুকের বড় বৈশিষ্ট্য হলো এটি বিনিময় বা রুপান্তরযোগ্য।
উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে যারা ইসলামী শরীয়াভিত্তিক বিনিয়োগ পছন্দ করেন, তাদের বিনিয়োগের ক্ষেত্র কম। সুকুক বহু মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশেই ব্যাপক সাফল্য পেয়েছে। বাংলাদেশেও অনেক মানুষ রিবা বা সুদ রয়েছে, এই ধরণের লেনদেন বা আর্থিক কার্যক্রমে জড়াতে চান না। ফলে প্রচলিত সঞ্চয় মাধ্যমের বিকল্প হিসেবে সুকুকটি এই ঘরানার মানুষদের কাছে জনপ্রিয়তা পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছে।