সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

উত্তাল শাবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে উত্তেজনা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ভবনের ভেতরে উপাচার্যকে তালাবদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকে ঘিরে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম এবং সাধারণ পুলিশের প্রায় দেড় শ সদস্য অবস্থান নিয়েছে ওয়াজেদ মিয়া ভবনের সামনে। ফলে ঘটনাস্থলে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ গণমাধ্যমে কোনো কথা বলছে না।

এর আগে বেলা আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেন আন্দোলনকারীরা।

এ সময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে আশ্রয় নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাদের বের করে দেন।

উপাচার্যের নিরাপত্তার জন্য ওই ভবনের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীরাও বাইরে থেকে সবকটি গেটে তালা ঝুলিয়ে দেন। পরে শিক্ষার্থীরা গেটের বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল দিচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘এ ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘তিন দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সাথে বাকবিতণ্ডায় জড়ান ছাত্রীরা। এ সংবাদ লেখা পর্যন্ত বাকবিতণ্ডা চালিয়ে যান শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। শিক্ষার্থীদের দাবিসমূহ না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রীরা।

এদিকে এম এ ওয়াজেদ মিয়া ভবনের তিনতলার ৩৩৩ নম্বর কক্ষে কিছু কর্মকর্তা ও শিক্ষকসহ অবস্থান করছেন উপাচার্য।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমার ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণ করবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি শিক্ষার্থীবান্ধব উপাচার্য হিসেবে শিক্ষার্থীদের নিয়ে সব সময় চিন্তা করি কিন্তু তাদের এই আচরণে আমি বাকরুদ্ধ। তবে উপাচার্যের এমন বক্তব্য অস্বীকার করেন আন্দোলনকারীরা। তারা বলেন, আমরা শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দাবি কখন মানা হবে?

গত বৃহস্পতিবার রাত থেকে অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক ও ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রীরা।

এ ছাড়া গতকাল শনিবার সন্ধ্যায় আন্দোলনরতদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com