মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, তাদের নতুন রাজধানীর নাম হবে ‘নুসান্তারা’। জাভানিজ ভাষার শব্দটির অর্থ দ্বীপপুঞ্জ। জাভা ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ।
দেশটির পার্লামেন্ট জাকার্তা থেকে রাজধানী স্থানান্তরের বিল অনুমোদন করার পরিপ্রেক্ষিতে এ ঘোষণাটি এলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় জাকার্তা দ্রুত ডুবে যাচ্ছে। ১৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে বোর্নিও দ্বীপে একটি নতুন রাজধানী গড়ে তোলার জন্য ২০১৯ সালে প্রথম প্রস্তাব করা হয়েছিল। খবর বিবিসির।
তবে সমালোচকরা বলেছেন, নতুন নামটি বিভ্রান্তিকর হতে পারে। এ ছাড়া নতুন জায়গায় রাজধানী স্থানান্তরের পদক্ষেপটিও পরিবেশগত বিষয়গুলোকে বিবেচনায় রেখে নেওয়া হয়নি।
অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে জাকার্তার ভূমি উদ্বেগজনক হারে দেবে যাচ্ছে। এক কোটির বেশি মানুষের আবাসস্থল এই নগরটি জনাকীর্ণ ও দূষিত হয়ে পড়েছে। শহরটি গড়ে উঠেছে বিশাল জাভা দ্বীপের জলা এলাকায়।
জাকার্তা শহর বায়ুদূষণ এবং যানজটের জন্য পরিচিত। সরকারের মন্ত্রীদের সময়মতো সভা-সমাবেশে পৌঁছতে পুলিশের কনভয় নিয়ে যেতে হয়।
নতুন রাজধানী গড়ে তোলা হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত ইন্দোনেশিয়ার প্রদেশ পূর্ব কালিমান্তানে। সরকার আশা করছে, এটি জাকার্তার ওপর থেকে চাপ কিছুটা কমাতে পারবে।
ঘন জঙ্গল এবং ‘বনমানুষ’ জাতীয় বিপন্ন বন্য প্রাণী ওরাংওটাংয়ের জন্য সুপরিচিত খনিজসমৃদ্ধ পূর্ব কালিমান্তানে মাত্র ৩৭ লাখ লোক বাস করে।