সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
বাস ও মিনিবাসসহ গণপরিবহনের বাড়তি ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সারাদেশের সব বাস ও মিনিবাস-স্ট্যান্ডগুলোর দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানোর জন্য বিআরটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত। আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুসারে বিধিমালা প্রণয়ন না করে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব ৪ জানুয়ারি ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব নিজেই। তার সঙ্গে ছিলেন মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।
আইনজীবী মো. আবু তালেব বলেন,বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ ও ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে ওই তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। বাস ও মিনিবাসসহ গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতেও বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।’