মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বিএনপি এখন অনেকটা দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। যাকে দেখতে নারী তার চলন বাঁকা- বিএনপির অবস্থা এখন সেরকম হয়েছে। ভালো কাজকে ভালো বলার মতো মানসিক অবস্থাটাও তাদের নাই।
বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘তারা প্রথম বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে আইন করতে হবে। আমরা তখন বললাম আইন করতে সময় লাগতে পারে। এখন সংসদে যখন এই আইন পাস করা হচ্ছে তখন বলছে যে এত তড়িঘড়ি করা ঠিক হল না।
‘আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করছে এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ’ মন্তব্য করেন প্রাণিসম্পদমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রে আটটি ফার্ম নিয়োগ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য। এই টাকাটা বিনিয়োগ করা মূলত রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ কারণে বিএনপির অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে এগিয়ে যাবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে সরকার মেনে নেবে। তবে কখনো কখনো আমরা লক্ষ্য করি যে, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে আবার বিরোধী রাজনৈতিক দল বা কিছু কিছু লোক। এর মধ্যে সুযোগ সন্ধানী কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।