শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

করোনা: রাশিয়ায় ৭ লাখের বেশি মৃত্যু

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে। রাশিয়ান ফেডারেশন ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের (রোসট্যাট) নতুন তথ্যের বরাত দিয়ে এ সংখ্যা জানিয়েছে রয়টার্স।

শুক্রবার দেশটি এ দুঃখজনক এ মাইলফলক পার করে। এর আগের দিন প্রথম কোনো দেশ হিসেবে মৃত্যুতে ৯ লাখের ঘর পার করে যুক্তরাষ্ট্র।

রোসট্যাট জানিয়েছে, ডিসেম্বরে কভিডে অথবা কভিডজনিত কারণে দেশজুড়ে ৫৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে, এর আগে নভেম্বরে করোনাভাইরাসে মাসিক মৃত্যু রেকর্ড ৯০ হাজারের কাছাকাছি পৌঁছে যায়।

ডিসেম্বরের শেষ পর্যন্ত রোসট্যাটের পরিসংখ্যান এবং জানুয়ারির জন্য করোনাভাইরাস টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাবে মহামারিতে রাশিয়ায় মোট মৃত্যু ৭ লাখ ১ হাজার ৭০৩ জনে পৌঁছে গেছে।

রাশিয়ার মৃত্যু সংখ্যায় এখনো অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব উল্লেখযোগ্য হয়ে ওঠেনি। তবে এই ভ্যারিয়েন্টের প্রভাবে জানুয়ারিতে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে।

শুক্রবার দেশটিতে ৯৮ হাজার ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, এটি একদিনে দৈনিক রোগী শনাক্তের নতুন রেকর্ড বলে জানিয়েছে দেশটির করোনাভাইরাস টাস্ক ফোর্স। টানা আট দিন ধরে রাশিয়ায় সর্বোচ্চ নতুন রোগী শনাক্তের রেকর্ড হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com