মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কাল ঢাকা আসছেন সিডন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকা পৌঁছাবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স।
বিসিবি নিজেদের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে  লাগাবে । তবে এই মুহুর্তে তাকে জাতীয় দলের সঙ্গে  যুক্ত করতে চায় বোর্ড। আর হাই পারফর্মেন্স (এইচপি) দলের দায়িত্ব পালন করবেন অ্যাশওয়েল প্রিন্স।
বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সিডন্সের নিয়োগ চুড়ান্ত করা হয়। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ সাংবাদিকদের বলেন,‘ বিসিবির ব্যাটিং কোচ হিসেবেই সিডন্সকে নিয়োগ করা হয়েছে। তবে যেখানেই সুযোগ হয় সেখানেই আমরা তাকে কাজে লাগাবো।। এইমুহুর্তে আমরা তাকে জাতীয় দলে ব্যবহার করতে চাই। তার অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারি তাহলে ক্রিকেটারদের জন্য ভাল হবে।’
এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন  সিডন্স। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করেন। আইসিসি বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ায় চাকুরি হারান তিনি।
ব্যাটিং কোচ হিসেবে তার কাছ থেকে পাওয়া  দক্ষতার কথা সব সময় স্মরণ করে আসছেন বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় মাশরাফি বিন মোর্তাজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের ভাষ্যমতে নিজেদের ব্যাটিং দক্ষতার উন্নয়নে সিডন্সের বড় ভুমিকা ছিল।
এদিকে  ফের বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সিডন্স। এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘ আমি বাংলাদেশে দুই বছর কাটানোর পরিকল্পনা করেছি। এই বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বেশ কিছু তরুণকে নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও আমি কাজ করব। আগেও আমি সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে ভালবাসি।’
এদিকে বিসিবির সঙ্গে প্রিন্সের চুক্তির মেয়াদ এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হয়ে যাবে। জালাল ইউনুস বলেছেন, তাকে এইচপি দলের দায়িত্ব দেয়া হবে। বিসিবি কর্মকর্তা বলেন,‘ প্রিন্সকে এইচপি দলের দায়িত্ব দেয়া হবে। পরে আমরা ভেবে দেখব আর কোথায় দেয়া যায়। আমাদের বেশ কয়েকজন  কোচের প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com