মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
দুই বিপদ যেন হাত ধরাধরি করে এলো টোঙ্গায়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় থেকে এখনো সেরে ওঠেনি দেশটি, তার মধ্যে প্রথমবার মিলল করোনাভাইরাস আক্রান্ত রোগীও।
যার ফলে এখন লকডাউনে যেতে হচ্ছে টোঙ্গাকে। রাজধানী নুকুয়ালোফায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার প্রাথমিক অবস্থায় রাখতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী সিয়াওসি ওভালেন জানিয়েছেন, এই দু’জন করোনা শনাক্ত হয়েছেন বন্দরে। যেখানে মানবিক সহায়তা দিতে এসেছিল বিভিন্ন সংস্থাগুলো।
এর আগে করোনা থেকে একেবারে মুক্ত ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বাধীন দ্বীপরাষ্ট্রটি। কিন্তু সমুদ্র বুকের দেশটিতে কীভাবে গেল করোনা? গত সপ্তাহ দুয়েক আগে প্রশান্ত মহাসাগরের এক জলমগ্ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় টোঙ্গায়।
প্রাকৃতিক বিপর্যয়ের পড়া দ্বীপরাষ্ট্রটির জনগণকে উদ্ধার ও ত্রাণ সহায়তা পাঠায় তাদের ওশেনিয়া প্রতিবেশী অস্ট্রেলিয়া। ত্রাণের পাশাপাশি তাদের হাত ধরে প্রবেশ করেছে করোনাও।
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি টোঙ্গাকে এখন লড়াই করতে হবে করোনার সঙ্গেও। তার জন্য লকডাউন জারি করছেন প্রধানমন্ত্রী সিয়াওসি। সেই সঙ্গে ৪৮ ঘণ্টা পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।