মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্যারাগুয়ের জালে ব্রাজিলের গোল উৎসব

কাতার বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার হলেও একটুও ছাড় দিতে চায় না ব্রাজিল।

ইকুয়েডরের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে ১-১ গোলের ড্রয়ের শোধ যেন প্যারাগুয়ের বিপক্ষে নিল সেলেসাওরা। বড় জয় পেয়েছে তিতের দল। ঘরের মাঠ মিনেইরাওতে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম্যাচটিতে পুরো একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা। ২৮তম মিনিটে মারকুইনহোসের পাসে প্রতিপক্ষের জাল খুঁজে নেন রাফিনহা।

বিরতির পর আরও তিন গোল করে ব্রাজিল। ৬২তম মিনিটে ফিলিপে কুতিনহোর করা দলের দ্বিতীয় গোলটিতেও অ্যাসিস্ট করেন মারকুইনহোস। ব্রাজিল শেষ দুই গোল পায় ম্যাচের অন্তিম মুহূর্তে।

৮৬তম মিনিটে অ্যান্থনির গোলের দুই মিনিট পর প্যারাগুয়ের জালে শেষ বলটি পাঠান রদ্রিগো। কোচ তিতে দুজনকে মাঠে নামান বদলি হিসেবে।

সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল রেকর্ড ৬১ ম্যাচে। এবারের বাছাইয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারানো আর্জেন্টিনা।

এই অঞ্চলের বাছাইয়ে অংশ নিয়েছে ১০ দেশ। সেখান থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার টিকিট পাবে কাতার বিশ্বকাপের। পাঁচে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে- অফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com