সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৬৯ গৃহহীন পরিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহার হিসাবে ঘর পাচ্ছে আরও ১৬৯ গৃহহীন পরিবার।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে দুইলাখ ৪০ হাজার টাকা। দুই শতাংশ জমির উপর দুইকক্ষ বিশিষ্ট প্রতিটি ঘরে থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। সুবিধাভোগীদের এসব ঘরসহ জমি কবুলিয়াত করে দেয়া হবে। এ ঘরগুলোকে আরও মজবুত করতে লিংটেন ও বারান্দায় পিলার করে দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমুচারিয়া, চরপক্ষীমারীর কলুরচর ও পাকুড়িয়া এলাকায় নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
এসময় শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জেলার আরও ১৬৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হচ্ছে। আগামী মার্চ মাস নাগাদ ঘরগুলোর নির্মান কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, এরআগে আরও ৪৫৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com