সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
জেলার সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার-সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকায় আল সোনাপুর -চেয়ারম্যান ঘাট সড়কের আল-আমিন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা জসিম (৬০) ও নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার চরআমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকায় আল সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আল-আমিন বাজারে চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরগামি একটি সিএনজি-চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মাঝে পড়ে যায় মোটর সাইকেলটি। এতে তিনটি যানের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুয়েল চন্দ্র দাস নিহত হন। অপরদিকে, গুরুতর অবস্থায় সিএনজি-চালিত অটোরিকশার যাত্রি জসিমকে ২৫০-শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সড়ক দুর্ঘটনায় দু’ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ২৫০-শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।