রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
চোট আর করোনার সঙ্গে লড়াই শেষে লিওনেল মেসি এবছর প্রথম মাঠে নেমেছিলেন লিগে রেঁসের বিপক্ষে ম্যাচে। বদলি নেমে খেলেন মাত্র ২৭ মিনিট, গোল পাননি। সপ্তাহখানেক পর নিসের বিপক্ষে ফ্রেঞ্চ কাপে শুরু থেকেই খেলেন, সে ম্যাচেও গোল পাননি। করাতেও পারেননি। গোলশূন্য ম্যাচটি টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে পিএসজি।
সেই হতাশা কাটিয়েছেন কিংবদন্তি ২০২২-এ প্রথম গোল করে। আনন্দ দ্বিগুণ হয়েছে তার লিলের বিপক্ষে ৫-১ গোলের জয়ে। গত বছরের লিগ ওয়ানে পিএসজিকে এক পয়েন্টে পেছনে ফেলে শিরোপা জিতেছিল এই লিলে। তবে এবার লিগ জয়ে অনেকটা এগিয়ে পিএসজি।
লিলের মাঠ স্তাদে পিয়ের-মাউরোয় ম্যাচের ১৮ মিনিটে গোলের উদ্দেশ্যে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট দূরের পোস্টে হাওয়া লাগিয়ে বাইরে যায়। ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন প্রিসনেল কিম্পেবে। ছয় মিনিট পর অবশ্য মেসি নিজেই গোল করেন। বক্সের একটু বাইরে বল পেয়ে এগিয়ে গিয়ে ডান পায়ে কোনাকুনি শটে গোল করেন। ১০ মিনিটে ম্যাচের প্রথম গোল করা পর্তুগিজ মিডফিল্ডার দানিলো পেরেইরা ৫১ মিনিটে করেন তার দ্বিতীয় গোল। পিএসজির পঞ্চম গোলের শুরুটা হয় মেসির মাধ্যমে। মাঝবৃত্তে বল পেয়ে কিছুটা এগিয়ে ভেরাত্তিকে বাড়ান বল। ইতালিয়ান মিডিফিল্ডার তা দেন এমবাপেকে। বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে মৌসুমে তার ১১তম গোল রকেন ফরাসি ফরোয়ার্ড। মেসির ৮৪ মিনিটে নেওয়া ফ্রি-কিক পোস্টের ডান কোনা দিয়ে ঢোকার মুখে দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন লিলে গোলরক্ষক ইভো গ্রাবিচ।
পিএসজির হয়ে ১৯ ম্যাচে ৭ম গোল করা মেসির পারফরমেন্স নিয়ে কোচ পচেত্তিনো বলেছেন, ‘মেসিকে নিয়ে কখনোই আমার কোনো সন্দেহ ছিল না। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আজ (পড়–ন রবিবার) তার খেলা ছিল দর্শনীয়। তার পারফরমেন্সে আমি খুশি।’
লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত পিএসজি। লিলের বিপক্ষে নিজেদের মাঠেও লিগ ম্যাচ জিতেছিল পিএসজি। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্টে শীর্ষেই আছে মরিসিও পচেত্তিনোর দল। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৪৩। ৩২ পয়েন্টে লিলে ১১ নম্বরে।