রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরাতে অনীহা প্রকাশ করেছেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পুতিন। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট বাইডেন।
বিবিসি সূত্র থেকে জানা যায়, রুশ-ইউক্রেন উত্তেজনা প্রশমনে সোমবার মস্কোতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দীর্ঘ ৬ ঘণ্টা বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠক শেষে মঙ্গলবার সকালে পুতিন জানান, তিনি চান চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হোক। তবে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরাতে অনীহা প্রকাশ করেন পুতিন। তিনি আরো বলেন, ম্যাখোঁ যেসব প্রস্তাব উত্থাপন করেছেন, তা নিয়ে আরো আগেই আলোচনা করা উচিত ছিল। পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমরা সতর্ক থাকব। সকলের জন্য ভালো হয়, এমন কিছু করার সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে, ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। বৈঠক শেষে বাইডেন বলেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন নর্থ স্ট্রিম টু বন্ধ করে দেয়া হবে।
যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিভাবে যুদ্ধ এড়ানো যেতে পারে তা নিয়ে আলোচনা করছিলেন, তখনই জার্মানির চ্যান্সেলরের সাথে জো বাইডেনের এ আলাপ সামনে আসে।
সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য ও আধুনিক যু্দ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা।
এদিকে ইউক্রেন ইস্যুর কারণে ইউরোপের স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।