রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশ্বকাপ জয়ের পর কাল প্রথম টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। বিশ^কাপ জয়ের পর প্রথমবারের মত কাল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে অসিরা।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লংকানদের বিপক্ষে লড়বে অসিরা।
দাপট দেখিয়েই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে ৫ ম্যাচের ৪টিতে জয় ও ১টি হার । একমাত্র হারটি ছিলো ইংল্যান্ডের কাছে।
সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডকে ৮ উইকেট বিধ্বস্ত করে অসিরা। এতে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে পাঁচবার ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিশ^কাপের পর-পরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলে অস্ট্রেলিয়া। সেখানেও দাপট দেখিয়েছে অসিরা। ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া। সেই সাথে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে অস্ট্রেলিয়া।
তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জিতে ফুরফুরে মেজাজেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে অ্যাশেজের পর সরগরম হয়ে উঠে অস্ট্রেলিয়ার ক্রিকেট পাড়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে চুক্তি নবায়ন নিয়ে বনিবনা না হওয়াতেই কোচের পদ ছেড়ে দেন জাস্টিন ল্যাঙ্গার। ল্যাঙ্গারের সাথে আগামী জুন পর্যন্ত চুক্তি ছিলো সিএর। চুক্তির মেয়াদ বাড়িয়ে আগামী অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নবায়নের প্রস্তাব দিয়েছিলো সিএ। কিন্তু ল্যাঙ্গারের ইচ্ছা ছিলো, দীর্ঘমেয়াদে চুক্তি। কিন্তু সেটি না হওয়াতে, দায়িত্ব থেকে পদত্যাগ করেন ল্যাঙ্গার। ল্যাঙ্গারের জায়গায় অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী হিসেবে কাজ করা এন্ড্রু ম্যাকডোনাল্ড।
তবে ল্যাঙ্গার ইস্যুকে সরিয়ে রেখে মাঠে ক্রিকেটে মনোযোগ দিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা ক্রিকেট নিয়ে মনোযোগ দিতে চাই এবং আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। শ্রীলংকার বিপক্ষে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরই প্রথম আন্তর্জাতিক সিরিজ। তাই এই সিরিজটিকে আমরা গুরুত্ব সহকারেই দেখছি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’
এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে।
অস্ট্রেলিয়ার মত বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে শ্রীলংকাও। তবে বিশ^কাপের পর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে লংকানরা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে শ্রীলংকা। আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতে লংকানরা।
টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভ থেকে মিশন শেষ করেছিলো শ্রীলংকা। আগামী বিশ^কাপের কথা মাথায় রেখে এখন থেকে নিজেদের পরিকল্পনা সাজাতে চায় লংকানরা। আগামী বিশ^কাপ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার সুবাদে এই সিরিজটি কাজে লাগবে বলে মনে করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।
তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে। এই সফর থেকে আমরা আগামী বিশ^কাপের পরিকল্পনা শুরু করলাম। এই সিরিজের অভিজ্ঞতা পরের বিশ^কাপে আমাদের অনেক বেশি কাজে দিবে।’
এদিকে, অস্ট্রেলিয়ায় গিয়ে করোনা পজিটিভ হন শ্রীলংকার ব্যাটার কুশল মেন্ডিস। সিরিজে তার খেলা অনিশ্চিত ।
২০১৯ সালে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। ঘরের মাঠে তিন ম্যাচের ঐ সিরিজে লংকানদের হোয়াইটওয়াশ করেছিলো অসিরা।
এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার। এরমধ্যে ৯টিতে জয় পায় অসিরা, ৮টিতে লংকানরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিলো অসিরা।
সিরিজের পরের চারটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ১৩, ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, ট্রাভিস হেড , ময়েসিস হেনরিকস, জশ ইংলিশ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, র্মাকাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, চামিকা করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুশারা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা ও শিরান ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com