রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
পূর্ব ঘোষণা অনুযায়ী এটাই শহিদ আফ্রিদির শেষ পিএসএল হওয়ার কথা। এ মৌসুমে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের হয়ে পিএসএলে খেলছেন। গতকালই ইসলামাবাদের বিপক্ষে এক হাই স্কোরিং ম্যাচে ২৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। আর তার পরেরদিনই যেন আফ্রিদির মাথায় আকাশ ভেঙে পড়ল।
কোয়েটার অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করা এক ভিডিওতে শাহিদ আফ্রিদি বলেন, ‘পিএসএলের এই মৌসুমটা আমি ভালোভাবে শেষ করার চেষ্টা করছিলাম। আমি দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছি। প্রায় ১৫-১৬ বছর এই চোট নিয়েই আমায় খেলতে হয়েছে। তবে ওই চোটটা এখন এতটাই বেড়ে গেছে যে, আমার হাঁটু, এমনকী পায়ের আঙুলেও ভীষণ ব্যথা হয়। পিএসএলের পর কিছুটা সময় পেতাম, তাই আমি এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলতে চাইছিলাম। কিন্তু আমি আর ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যেতে পারছি না। ‘
৪১ বছরের আফ্রিদির ফর্ম তলানিতে থাকলেও তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে যাচ্ছেন। পিএসএল থেকে সরে দাঁড়ালেও তিনি অবসরের ঘোষণা দেননি। বরং ভবিষ্যতে আরও খেলার ইঙ্গিত দিয়েছেন, ‘পুরো পিএসএল খেলতে না পারায় আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তাদের জন্যই শেষবার পিএসএলে খেলতে নেমেছিলাম। তবে আগে টি-টেনের মতো আরও লিগ আছে। তাই এবার পুনর্বাসন নিয়ে কাজ করব। তাতে দুই-তিন মাস সময় লাগবে। আশা করছি আবার সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব। ‘