মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠির সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেল সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন বলেন, শনিবার নলছিটি উপজেলা বিএনপির সম্মেলন করতে দেয়নি পুলিশ, আজ রবিবার পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। পুলিশ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের না থামিয়ে, আমাদের অফিস থেকে বের করে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের নমুনা। দমন-পীড়ন করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, বিএনপির সম্মেলন করার জন্য কোনো অনুমতি নেই। এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মার্তৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে।