রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
মেসি-নেইমার-এমবাপে। ত্রয়ীর একসঙ্গে খেলা ম্যাচে আবার হারল পিএসজি। শনিবার লিগ ওয়ানে নঁ-তের কাছে ১-৩ গোলে হেরেছে তারা। প্রথমার্ধেই তিনটি গোল হজম করে ফেলেছিল প্যারিসিয়ানরা। ব্যবধান ১-৩ এ নামিয়ে আনা নেইমারই পরে পেনাল্টি মিস করেছেন। আর একবার গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টে রাখতে বিস্ময়করভাবে ব্যর্থ হন এমবাপে।
অথচ এই নঁ-তেকে নভেম্বরে প্রথম লেগে ৩-১ গোলে হারিয়েছিল পিএসজি, যেম্যাচে প্রথম গোল করেছিলেন মেসি। শনিবারের ক্লাব ক্যারিয়ারের ৮০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। টানা ১৫ ম্যাচে অপরাজিত পিএসজিকে লিগে দ্বিতীয় এবং মৌসুমে চতুর্থ হারের লজ্জায় ডুবতে হয়েছে। আগের তিন ম্যাচের দুটিতে শুরুর একাদশ থেকে খেলেছিলেন মেসি-নেইমার-এমবাপে।
শনিবার আক্রমণভাগে এমবাপেকে মাঝে রেখে ডানে মেসি, বামে নেইমারকে খেলান কোচ মরিসিও পচেত্তিনো। অতিথিদের চমকে দিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই নঁ-তেকে এগিয়ে দেন স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানি। অষ্টম মিনিটে মেসির শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন নঁ-তের গোলকিপার আলবা লাফতে। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। বিরতির আগে বক্সের একটু বাইরে এমবাপেকে পেছন থেকে ধরে রেখে সরাসরি লাল কার্ড দেখেছিলেন নঁ-তের ডিফেন্ডার ডেনিস আপিয়াহ। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড করা হয়। ইনজুরি সময়ে বক্সে উইনাল্ডামের হাতে বল লাগলে পেনাল্টি পায় নঁ-তে। লুদোভিচ ব্লাসের গোলে পিএসজির অস্বস্তি আরও বাড়ে। ৪৭ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান ১-৩ এ নামিয়ে এনেছিলেন নেইমার। মৌসুমে ১৬ ম্যাচে চতুর্থ গোল এটি ব্রাজিলিয়ানের। ৫৯ মিনিটে নিজেদের বক্সে এমবাপেকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগটি হেলায় হারান নেইমার। তার দ্বিধান্বিত নখদন্তহীন শট বাঁ-দিকে সহজেই ধরে নেন নঁ-তের গোলকিপার আলবা লাফতে। ৭৩ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন এমবাপে। তার সামনে শুধু ন-তের গোলকিপার থাকলেও বল উড়িয়ে মারেন তিনি। পরের মিনিটে নেইমারকে তুলে ডি মারিয়াকে নামান পচেত্তিনো। কিন্তু তাতে লাভ হয়নি।
হারের জন্য রেফারিংকে দায়ী করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমরা জানতাম আমাদের হারানোর চেষ্টা করা হবে। রেফারিও সেটি জানেন। এটি মেনে নেওয়া কঠিন। আমি তাকে বিচার করতে চাই না। তিনি মানুষ।’ পুরো ম্যাচে দেখানো ৮ হলদু কার্ডের ৬টিই গেছে পিএসজির খেলোয়াড়দের বিরুদ্ধে। ইন্টারনেট