শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

কয়েকদিনের মধ্যেই বুস্টার ডোজ ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

কয়েকদিনের মধ্যেই দেশে করোনার বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যেই দেশে করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেয়নি, তারা যেন অতিদ্রুত নিয়ে নেয়, এটাই আমাদের উদ্দেশ্য।

তিনি বলেন, দেশে টিকার কোনো অভাব নেই। সরকারের টিকা কিনতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

জাহিদ মালেক বলেন, বিশেষ ক্যাম্পেইনে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে পৌঁছেছে। এসবের সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছেন জানিয়ে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) শনাক্তের হার ১ শতাংশে ছিল; মৃত্যুও ছিল ৩ জনে। করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। আমরা এটিকে নিয়ন্ত্রণেই রাখতে চাই। এ লক্ষ্যে আমরা টিকা কার্যক্রম পরিচালনা করছি। এমনকি টিকা কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com