রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর কয়া রেল সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতু থেকে গড়াই নদীতে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ছামি হোসেন (১৪)। সে কুমারখালী এমএন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ছামী কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে গড়াই রেল সেতুর ওপর চারজন বন্ধু মোবাইলে সেলফি তোলার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসে। এসময় সেলফি তোলা ছামী ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে পারেনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সপ্তম শ্রেণির এক ছাত্র রেলওয়ে ব্রিজের ওপর মোবাইলে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে মারা গেছে। এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। খুলনা থেকে ডুবুরি দল পৌঁছালে লাশ উদ্ধার করা হবে।