মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
হৃদরোগে আক্রান্ত হয়ে গেল বছরের ২৯ অক্টোবর মাত্র ৪৬ বছর বয়সে মারা যান ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিত রাজকুমার। মৃত্যুর প্রায় পাঁচ মাস পর মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা ‘জেমস’। গত ১৭ মার্চ ভারতের ৪০০টি স্ক্রিনে হিন্দি, কন্নড়, মালায়ালাম, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই যেটি জাদু দেখিয়েছে বক্স অফিসে! মাত্র ৬০ কোটি রুপি বাজেটের ‘জেমস’ মুক্তির প্রথম দিনে আয় করেছে প্রায় ১৮ কোটি রুপি। যেটি কন্নড় সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের দিক থেকে নতুন রেকর্ড! ‘জেমস’-এ পুনিতের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়া আনন্দ। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেন অবিনাশ, শরৎ কুমার, শ্রীকান্ত আদিত্য মেনন, সাধু কোকিলা এবং অনু প্রভাকরের মতো তারকারা। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন চেতন কুমার এবং প্রযোজনা করেছেন কিশোর পথিকোন্ডা। মুক্তি পেয়েছে সিনেমাটি। শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান প্রয়াত এই অভিনেতা।