মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
বলিউড নায়িকারা প্রায়ই ট্রলের শিকার হন। পোশাক থেকে বডিশেপ সবকিছু নিয়ে ট্রলাররা কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়ে দেন। সম্প্রতি বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে পোশাকের কারণে বাজেভাবে ট্রলিংয়ের শিকার হয়েছেন। সম্প্রতি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহেতার ৫০তম জন্মবার্ষিকীর পার্টিতে দেখা গিয়েছিল অনন্যাকে। এই পার্টিতে অনন্যাকে কুরুসের কাজ করা কালো রঙের বডিস্যুটে দেখা গিয়েছিল। এই পোশাকের কারণে ট্রলারদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। নেট দুনিয়ায় মেয়েকে এভাবে হেনস্তা হতে দেখে আর চুপ থাকতে পারলেন না তার বাবা জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অভিভাবক হিসেবে আমরা কখনো তাকে (অনন্যা) বলিনি যে কী পরা উচিত, আর কী পরা উচিত নয়। আমরা আমাদের দুই মেয়েকে খুব ভালোভাবে বড় করেছি। আর তারা দুজনেই ভালো করেই বোঝে।’ চাঙ্কি আরও বলেছেন, ‘অনন্যা যে ইন্ডাস্ট্রিতে আছে, সেখানে তাকে গ্ল্যামারাস দেখাতে হবে। আমি আমার মেয়েদের বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারি, তাদের মধ্যে অদ্ভুত এক সরলতা আছে। তাই আমার বিশ্বাস, তারা যা খুশি তা-ই পরতে পারে, এটা তাদের স্বাধীনতা। আর তাতে তাদের মোটেও অশালীন দেখাবে না।’
এই বলিউড অভিনেতা ট্রলিং নিয়ে আরও বলেছেন, ‘অন্যের পোশাক নিয়ে হাসাহাসি করা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এসব এখন প্রশংসা হিসেবে নেওয়া প্রয়োজন। বাবা হিসেবে মেয়ের পোশাক নিয়ে যখন আপত্তি নেই, তখন অন্য কারও খারাপ লাগতে পারে বলে আমি মনে করি না।’
অনন্যাকে শেষবার ‘গেঁহরাইয়া’ ছবিতে দেখা গেছে। আমাজন প্রাইম ভিডিওতে ছবিটি মুক্তি পেয়েছিল। শাকুন বাত্রা পরিচালিত এই ছবিতে অনন্যা ছাড়া ছিলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরসহ অনেকে। অনন্যা এ মুহূর্তে ‘খো গয়ে হম কঁহা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। এ ছাড়া তাকে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবারাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ ছবিতে দেখা যাবে।